৬ এনটিটিএন-কে সম্মাননা জানালো গ্রামীণফোন

২ নভেম্বর, ২০২৩ ১৪:১৮  

নিজেদের ফাইবারাইজেশন যাত্রা এবং দেশের সবচেয়ে বড় ও এক নম্বর নেটওয়ার্ক তৈরির জন্য ভবিষ্যতকে শক্তিশালী করার ক্ষেত্রে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অংশীদারদের সম্মাননা জানিয়েছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন আঙ্কিত সুরেকা জানান, টেলিকম শিল্পখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘এনটিটিএন পার্টনার সম্মাননা’য় ছয়জন এনটিটিএন অংশীদারের হাতে ক্রেস্ট তুলে দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশনস, ফাইবার @ হোম, এবং বাহন লিমিটেড-কে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) রুবায়ত শরীফ; বিটিসিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক (এসও) সঞ্জীব কুমার ঘটক, ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিনুর রহমান; সামিট কমিউনিকেশনস লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) কে এম তারিকুজ্জামান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও), শারমিন জামান, চিফ নেটওয়ার্ক আর্কিটেক্ট (সিএনএ), মোঃ ফারুখ ইমতিয়াজ; ফাইবার@হোম লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার রাজিব আহমেদ সুলতান, চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির; বাহন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামিউল হক, চিফ অপারেটিং অফিসার (সিওও), ফরিদ মোহাম্মদ রাশেদ আমিন এবং গ্রামীণফোনের হেড অব নেটওয়ার্ক সার্ভিস আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব সেন্ট্রাল অপারেশন আশফাকুর রশিদ,হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার জন্য গ্রামীণফোন ও অন্য অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তারা এ প্রচেষ্টায় সম্পৃক্ত হতে পেরে তারার আনন্দিত ও গর্বিত এবং ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এসময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপরে গুরুত্বারোপ করে বলেন, “দেশজুড়ে স্মার্ট কানেক্টিভিটি নিশ্চিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে গ্রামীণফোন ও এর এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং একসাথে কাজ করার এখনই সময়। বিগত বছরগুলোতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের সকল অংশীদারদের ধন্যবাদ।”

প্রসঙ্গত, ২০২২ সালে, গ্রামীণফোন এর পুরো নেটওয়ার্কের ৪০ শতাংশ ফাইবারাইজেশনের আওতাভুক্ত করার মাইলফলক অর্জন করেছে। এনটিটিএন অংশীদারদের সাথে ফলপ্রসূ অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমেই এ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।